মৌলভীবাজারের বড়লেখার নিউ পাল্লাতল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।
শুক্রবার (০৮ আগস্ট) উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাতামোড়ল নামক পানপুঞ্জি এলাকায় তাদের আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৩৭৪ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাতামোড়ল নামক পানপুঞ্জি এলাকায় ঘুরাফেরার সময় নিউ পাল্লাথল বিওপির টহল দল ৮ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ লেদা ক্যাম্পের আসাদুল্লাহ (৪৫), তাঁর স্ত্রী জমিলা বেগম (২৫), মেয়ে আসমা খাতুন (২) ও ছেলে হামিদ হোসেন (১৫)।
বাংলাদেশিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাকর গ্রামের শিরীন আক্তার (৩৫) ও তাঁর ছেলে মোহাম্মদ সিয়াম (১৮), পাবনা সদরের চরাশিতোষপুর গ্রামের মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের সাবিনা খাতুন (৩০)।
আটককৃতরা জানান, কয়েক বছর আগে চার রোহিঙ্গা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। আটক চার বাংলাদেশিও সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার ভোরে বিএসএফ তাঁদের বড়লেখার পানপুঞ্জি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃতদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুশইন করেছে, পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটককৃতদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার রাতে জানান, বিজিবি রাতে তাদেরকে থানায় সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মতামত