সিলেট জেলা প্রশাসনের আলটিমেটামের পর লুন্ঠিত সাদাপাথর ফেরত দেওয়ার তোড়জোড় পড়েছে। সিলেট সদর উপজেলার ভোলাগঞ্জ, সালুটিকর এবং কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে জব্দকৃত এবং স্বেচ্ছায় ট্রাক দিয়ে পাথর ফিরিয়ে দিচ্ছেন অনেকে।
সোমবার আরো অন্তত ২শ'টি ট্রাকে প্রায় ৩ লাখ
ঘনফুট পাথর ফিরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে প্রশাসনের ডাম্পিং এলাকায় প্রতিস্থাপন করার জন্য প্রায় ১৩ লাখ ঘনফুট পাথর স্তুপ করে রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। পাথর প্রতিস্থাপনে আরও অন্তত ২শতাধিক শ্রমিক ব্যবহার করা হচ্ছে।
স্বেচ্ছায় লুষ্ঠিত পাথর ফেরত দিতে ৩দিনের আলটিমেটাম দেন নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এর প্রেক্ষিতে মঙ্গলবার বেলা পাঁচটার মধ্যে মজুত রাখা সাদাপাথর নিজ খরচে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে প্রশাসনের কাছে জমা দিলেই বিনাশর্তে দায়মুক্তি পাওয়া যাবে। এ সময়সীমার পর যাদের কাছে পাথর পাওয়া যাবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ইস্যুতে মাইকিং করার পর পাথর ফিরিয়ে দেওয়ার তোড়জোড় পড়ে।
ভোলাগঞ্জ ১০ নং ঘাটের পাথর নিয়ে আসা ট্রাক চালকরা জানান, সাদাপাথর থেকে লুটের পাথর তারা বিভিন্ন ক্রাসার মেশিন থেকে নিয়ে আসছেন। এই পাথর নৌকা যোগে নিয়ে সাদা পাথরে ফেলা হচ্ছে।
ভোলাগঞ্জ ১০ নং ঘাটে পাথর বুঝে নেওয়ার দায়িত্বে থাকা কোম্পানীগঞ্জ তহশীল অফিসের চেইনম্যান এনায়েত হোসেন বলেন, গতকাল ২ লাখ ঘনফুট পাথর ফেরত দেওয়া হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ২২ গাড়ি ছিল, তবে লাইনে অন্তত ২শতাধিক গাড়ি রয়েছে।
সোমবার সরেজমিন সাদাপাথর এলাকা ঘুরে দেখা গেছে, ভোলাগঞ্জ ১০ নম্বর বিস্তীর্ণ এলাকা থেকে সাদাপাথর নজিরবিহীন লুটপাট হয়েছে। পাথর লুটের ফলে এলাকাটি এক প্রকার মরুভূমিতে রূপ নিয়েছে।
বর্তমানে যে পাথরগুলো সেখানে নিয়ে স্থাপন করা হচ্ছে, সেটি লুটপাটের তুলনায় নগন্য বলে জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা আবদুল বারি। এরপর প্রশাসনকে সাধুবাদ জানাতে হয়, তারা লুন্ঠিত পাথর ফেরত এনে প্রতিস্থাপন করছেন। এদিন শ্রমিকরা অন্তত শতাধিক নৌকা যোগে সাদাপাথরের লুট হওয়া স্থানে পানিতে নিয়ে পাথর ফেলছেন। ওই সময় নিজে উপস্থিত থেকে সাদাপাথর স্থানান্তর কার্যক্রম দেখভাল করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া। ওই সময় খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর এক কর্মকর্তা সাদাপাথর লুণ্ঠিত স্থল পরিদর্শন করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া আরও বলেন, সোমবার ৫ পর্যন্ত সাড়ে ৫ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন হয়েছে। তাছাড়া আমাদের ডাম্পিং স্টেশনে পাথর আসা অব্যাহত আছে। সেখান থেকে নৌকা দিয়ে এনে প্রতিস্থাপন করা হচ্ছে। সদরসহ বিভিন্ন জায়গা থেকে পাথর আনা হচ্ছে। আশাকরি এ সপ্তাহের শেষের দিকে ভাল তথ্য দিতে পারবো। আশাকরি পুরো এলাকায় পাথর পূণঃস্থাপন হয়ে গেলে সাদাপাথরকে আরো নান্দনিক রূপে দেখতে পারবেন পর্যটকরা।