সিলেট-আখাউড়া ১৭৯ কিলোমিটারের পথ। এই ১৭৯ কিলোমিটারের দূরত্বে ১৩টি মহাঝুঁকিপূর্ণ সেতু বা ১৩টি 'ডেড স্টপ' রয়েছে। এর মধ্যে ৮টি 'ডেড স্টপ'ই মোগলাবাজার পর্যন্ত। যে স্থানটিতে গত মঙ্গলবার উদয়ন এক্সপ্রেসের ৪টি বগি লাইনচ্যুত হয়।
নিরাপদ ভ্রমণের বাহন হিসাবে খ্যাত ট্রেনও এখন ঘনঘন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। ফলে এই সিলেট-আখাউড়া রেলপথকে অনিরাপদ ধরে নেয়া হচ্ছে। ট্রেনে ভ্রমনিচ্ছুকদের জন্য এখন এই রুটটি এক আতঙ্ক হয়ে উঠেছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট-আখাউড়া রেলপথের দৈর্ঘ্য ১৭৯ কিলোমিটার। জরাজীর্ন হয়ে পড়া এই সেকশনে মহাঝুঁকিপূর্ণ ১৩টি সেতু রয়েছে। যা রেলওয়ের ভাষায় ‘ডেডস্টপ’।
এছাড়া ত্রুটিপূর্ণ রেললাইন, ট্রেনের পুরনো ইঞ্জিন আর বগি। সব মিলিয়ে সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।
এদিকে ঘনঘন দুর্ঘটনার কারণে এই সেকশনে ট্রেনের সময়সূচীও ঠিক থাকছে না। ফলে যাত্রীরা পড়ছেন বিড়ম্বনায়। ভেস্তে যাচ্ছে যাত্রী, পর্যটকদের কাজ।
সূত্র আরও জানায়, সিলেট-কুলাউড়া-আখাউড়া সেকশনে ট্রেন চলত ৭০-৮০ কিলোমিটার গতিতে। এখন সেটি অর্ধেকে নেমে অর্থাৎ ৪০ কিলোমিটারে চলে। রেলওয়ের সংশ্লিষ্টরা জানান, পাহাড় ও আঁকাবাকা সড়ক হওয়াতে আখাউড়া-সিলেট সেকশনের রশিদপুর থেকে মাইজগাঁও পর্যন্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবে জরাজীর্ন লাইন, মেয়াদোত্তীর্ন সেতু ও পুরনো কোচের কারণে এই সেকশনে বেশি দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের তথ্যমতে, আখাউড়া-সিলেট রেলপথে পারাবত, জয়ন্তিকা, পাহাড়িকা, উদয়ন, উপবন ও কালনি এক্সপ্রেস ট্রেনে প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার যাত্রী সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম যাতায়াত করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফরুক মাহমুদ চৌধুরী বলেন, ট্রেনকে বলা হয় নিরাপদ বাহন। তবে ট্রেনের এই তকমা প্রশ্নের মুখে পড়েছে সিলেট-আখাউড়া রেল সেকশনের কারণে। এই সেকশনে ঘনঘন দুর্ঘটনা ট্রেন যাত্রাকে করে তুলেছে অনিরাপদ। ট্রেনলাইন ও ট্রেনের বগি দ্রুত আধুনিকায়নের দাবি জানান তিনি।
ত্রুটিপূর্ণ রেলপথ, ঝুঁকিপূর্ণ সেতু:
সিলেট-আখাউড়া রেল সেকশনের মোগলাবাজার থেকে মাইজগাঁও পর্যন্ত অধিকাংশ জায়গায় খুলে গেছে স্লিপারের নাট-বল্টু। কোথাও আবার নাট-বল্টু ঢিলে থাকায় নড়েবড়ে হয়ে আছে রেল লাইন। পাথর স্বল্পতা রয়েছে দুই স্লিপারের মাঝখানে। আর এই রুটের সেতুগুলোর অবস্থা আরও ভয়াবহ।
রেলওয়ের প্রকৌশল বিভাগের তথ্যমতে, সেতু নির্মাণের ৫০-৫৫ বছর পার হলে মেয়াদ শেষ হয় সেতুর। অথচ এই সেকশনে ৯০ শতাংশ সেতুর বয়সই ৭০ বছর পেরিয়েছে।
এরকম ১৩টি মহাঝুঁকিপূর্ণ সেতুকে রেলওয়ে কর্তৃপক্ষ ১৩টি স্পটকে ‘ডেড স্টপ’ হিসেবে চিহ্নিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট থেকে মোগলাবাজার স্টেশন পর্যন্ত ১৫ কিলোমিটারের মধ্যে ৮টি এবং মোগলাবাজার থেকে আখাউড়া পর্যন্ত ১৬৪ কিলোমিটারের মধ্যে ৫টি সেতু ‘ডেড স্টপ’ হিসেবে চিহ্নিত।
রেলওয়ের প্রকৌশল শাখা জানায়, সিলেট-আখাউড়া সেকশনের অতিঝুঁকিপূর্ণ সেতুগুলোর মধ্যে রয়েছে- শমসেরনগর-টিলাগাঁও সেকশনের ২০০ নম্বর সেতু, মোগলাবাজার-মাইজগাঁও সেকশনের ৪৩, ৪৫ ও ৪৭ নম্বর সেতু, কুলাউড়া-বরমচাল সেকশনের ৫ ও ৭ নম্বর সেতু, সাতগাঁও-শ্রীমঙ্গল সেকশনের ১৪১ নম্বর সেতু, শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের ১৫৭ নম্বর সেতু, মাইজগাঁও-ভাটেরাবাজার সেকশনের ২৯নং সেতু এবং মনতলা-ইটাখোলা সেকশনের ৫৬ নম্বর সেতু। এ সেতুগুলো সংস্কারের কোনো প্রকল্প না থাকায় এখনই এগুলো সংস্কারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
লাইনচ্যুত উদয়ন:
মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’-এর ৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সকাল ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে লাইন সচল হয়। এরপর আটকে পড়া ‘কালনী এক্সপ্রেস’ মোগলাবাজার থেকে ঢাকার উদেশে ছেড়ে যায়।
এদিকে, এ ঘটনায় দুটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রেনে দায়িত্বরত দুজনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এছাড়া বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
ডুয়েল গেজ দ্রুত বাস্তবায়নের দাবি
ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত রয়েছে ডুয়েল গেজ লাইন। কিন্তু ব্রিটিশ আমলের রেল লাইনেই চলছে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ট্রেন।
২০১৯ সালে সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরিত করার জন্য একনেকে ১৬ হাজার ১৪৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়। ২০২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। তবে এ প্রকল্পের কাজ শুরুই হয়নি। এ দাবিতে সম্প্রতি আন্দোলনেও নেমেছে কয়েকটি সংগঠন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, এই রুটে ট্রেন দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি সিলেটের যাত্রীদের দুর্ভোগ কমাতে ট্রেন ও বগি বাড়ানোর বিষয়টি নিয়ে রেলওয়ের সাথে কথা বলেছি।