তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনা চলাকালীন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ সদস্য ও ২৫ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক তথ্য বিভাগের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে নতুন করে রক্তক্ষয়ী এই সংঘর্ষের খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
গত শুক্রবার ও শনিবার আফগানিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুররম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করলে, পাকিস্তানি সশস্ত্র বাহিনী তা দমাতে সক্ষম হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুপ্রবেশ প্রচেষ্টা আফগান সরকারের প্রতি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।
তালেবান সরকারের মুখপাত্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এ বিষয়ে মন্তব্য করেনি। শুধু গত মাসের শুরুতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, যদি ইস্তাম্বুলের আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে আফগানিস্তানের সঙ্গে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে।
সেনাবাহিনী বলেছে, হামলাকারীরা ‘ফাতিনা আল-খাওয়ারিজ’ নামে উগ্রপন্থি গোষ্ঠীর সদস্য, যারা বিদেশি পৃষ্ঠপোষকতার সহায়তা পাচ্ছে।