ভোট এলেই সরব হন, প্রচারে মাঠ মাতান, এ কারণেই রাজনৈতিক অঙ্গনে তাকে ডাকা হয় ‘ইলেকশন বার্ড’ নামে। উপজেলা চেয়ারম্যান থেকে পৌর মেয়র, করেছেন এমপি নির্বাচনও। বাদ দেননি কোন নির্বাচন। যেন নির্বাচনই তার নেশা। স্থানীয় নির্বাচনে সাফল্য পেয়েছেন বটে, কিন্তু টানা চারবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও পাননি এমপি হওয়ার স্বাদ। যার কথা বলা হচ্ছে, তিনি সিলেটের বিশ্বনাথের সাবেক পৌর মেয়র ও দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান।
রাজনীতির পালা বদলে বর্তমানে দলীয় পরিচয় ও মামলার জটিলতায় তিনি যুক্তরাজ্যে আত্মগোপনে। তবে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই আবারও আলোচনার কেন্দ্রে তিনি। তিনি কি এই নির্বাচনেও অংশ নিচ্ছেন? এদিকে, তার ঘনিষ্ট এক সূত্র জানায়, মুহিবুর রহমান আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার কয়েকজন ঘনিষ্টজনদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেছেন।
জানা গেছে, ১৯৮৫ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিশ্বনাথের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক অবদান রাখেন তিনি। এরপর ১৯৯১ সালের সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন মুহিব। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মকসুদ ইবনে আজিজ লামার কাছে সামান্য ভোটে হেরে যান। ২০০১ সালের সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে নিখোঁজ বিএনপি নেতা. এম ইলিয়াস আলীর কাছে সামান্য ভোটে হারেন মুহিবুর।
এরপর ২০০৯ সালের উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকে পরাজিত করে দ্বিতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন মুহিব। মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরীর কাছে পরাজিত হন।
তারপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে বিএনপি নেতাকর্মীরা সমর্থন দেওয়ায় আবারও হারতে হয় তাঁকে। ২০২২ সালের ২ নভেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৫ হাজার ২১১ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন তিনি। মেয়র পদ বহাল রেখে আদালতের রায় নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট বর্জন করেন।
বিশ্বনাথ উপজেলার রাজনৈতিক অঙ্গনে মুহিবুর রহমান সর্বাধিক পরিচিত তার ভোটমুখী সক্রিয়তা ও নিজস্ব কর্মী-সমর্থক বলয় গড়ে তোলার দক্ষতার জন্য। উপজেলা ও পৌর নির্বাচনে তিনি বিজয়ী হয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণ করলেও, জাতীয় সংসদ নির্বাচনে চার দফায় প্রতিদ্বন্দ্বিতা করেও ভাগ্য তার সহায় হয়নি। স্থানীয় রাজনীতিতে তার রয়েছে শক্ত ভোট ব্যাংক। নির্বাচন এলেই মাঠ চষে বেড়াতেন, বাড়ি বাড়ি জনসংযোগ, উঠান বৈঠক, কর্মী সংযোগ, সব মিলিয়ে তাকে ঘিরে জমে উঠত নির্বাচনী আমেজ। এ কারণেই রাজনৈতিক মহলে তাকে সুচতুরভাবে ডাকা হয় ‘ইলেকশন বার্ড’।
দলীয় রাজনীতির পালাবদলের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘরানার অনেক নেতাকর্মীর মতো তিনিও দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, যা তাকে আরও কোণঠাসা করে তোলে বলে তার ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে। তবে, জুলাই অভ্যুথ্থানের কোন মামলায় অভিযুক্ত না থাকায় তিনি এই নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হতে ফিরতে পারেন দাবি তার সমর্থকদের।
মুহিবুর রহমান প্রবাসে আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি। তবে, নাম প্রকাশ না করা শর্তে তার কয়েকজন সমর্থক বলেন, ‘মুহিব ভাই নির্বাচন করলে মাঠ অন্যরকম হয়, মানুষ তাকে ভালোবাসে’। কিন্তু এমপি নির্বাচন ভিন্ন খেলা, মানুষ ভোট দিলেও ফল সমান হয় না। তবু তিনি প্রার্থী হলে নির্বাচন জমে ওঠে, এটাই বাস্তবতা।’
আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আইনি জটিলতা, রাজনৈতিক সমীকরণ আর উদ্ভূত বাস্তবতা সব মিলিয়ে এখনো অনিশ্চয়তার ধোঁয়াশায় ঢাকা এক প্রশ্ন।