ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ গরম করে রেখেছেন ছোট দলের প্রার্থীরা। এখন পর্যন্ত সিলেটের ১৯টি আসনে ৮০ জন প্রার্থী সিলেটের মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসায় ছোট দলগুলোর প্রার্থীর সংখ্যাও দিন দিন বাড়ছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় নির্বাচনী মাঠে অনেকটা এগিয়ে গেছে জামায়াত। এ কারণে নির্বাচনে বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে উঠছে জামায়াত। এ অবস্থায় ছোটদলের যোগ্য লোকজন নির্বাচনে প্রার্থী হলে নির্বাচনের সমীকরণ অনেকটা পাল্টে যেতে পারে বলে নির্বাচন বিশ্লেষরা মনে করছেন।
এছাড়া জাতীয় পার্টিও নির্বাচনী প্রস্তুতি কমিটি গঠন করেছে। জাতীয় পার্টির অনেক বর্ষীয়ান নেতা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে জানা গেছে। কোন কোন নেতা বিগত সময়ে বিভিন্ন আসনের এমপিও ছিলেন। ফলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী দিলে বিএনপি ও জামায়াতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় চলে আসতে পারে দলটি এমনটাই মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। তাদের মতে নির্বাচনের সময় ঘনিয়ে আসলে রং আরও পাল্টাবে। বিশেষ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় এমনটি হতে পারে বলেও তারা মনে করছেন।
বিগত নির্বাচনগুলোতে সিলেটের বিভিন্ন আসনে অখ্যাত প্রার্থীরা বিজয়ী হন। বিশেষ করে সিলেট-২ আসনে জাতীয় পার্টি ও গণফোরাম থেকে প্রার্থীরা বিজয়ী হলে এনিয়ে সিলেট জুড়ে ব্যাপক প্রতিক্রিয়াও দেখা দেয়। একইভাবে বিগত ২০২৩ সনে নির্বাচনে সিলেট-৩ আসনে লন্ডন থেকে এসে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিজয়ী হন হাবিবুর রহমান হাবিব। তিনি বিজয়ী হলে সেটি নিয়েও এলাকায় নানা আলোচনা তৈরী হয়।
এদিকে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে বিএনপি প্রার্থী মনোনয়ন দিয়েছে। এসব প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। অপরদিকে, জামায়াতও সিলেটের ১৯টি আসনে প্রার্থী দিয়েছে। জামায়াত সমমনা ৮ দল নিয়ে মোর্চা গঠন করায় ৬টি আসন জোটের জন্য ছাড়ও দিতে পারে বলে জানা গেছে।
এ অবস্থায় ৮টি প্রধান ছোট দল থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পাওয়া প্রার্থীরা ইতিমধ্যে মাঠে তৎপর। খেলাফত মজলিস সিলেটের ১৯টি আসনে, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) সিলেটের ৬ টি আসনে প্রার্থী দিয়েছে। গণঅধিকার পরিষদ ১৫টি আসনে, বাসদ ৬টি আসনে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১৭টি আসনে প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা করেছে। জাতীয় পার্টি নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি কমিটি গঠন করেছে। গণঅধিকার পরিষদসহ অন্যদলগুলোও প্রার্থী ঘোষণা করেছে।
খেলাফত মজলিসের ১৯ প্রার্থীর তালিকায় রয়েছেন, সিলেট-১ আসনে তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে আবুল হাসান, সিলেট-৬ আসনে সাদিকুর রহমান, সুনামগঞ্জ-১ আসনে মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সাখাওয়াত হোসেন, সুনামগঞ্জ-৩ আসনে শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে আবদুল কাদির, মৌলভীবাজার-১ আসনে লোকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে সাইফুর রহমান, মৌলভীবাজার-৩ আসনে আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ আসনে নূরুল মুত্তাকীন জুনায়দ, হবিগঞ্জ-১ আসনে আবদুল কাইয়ুম, হবিগঞ্জ-২ আসনে আবদুল বাসিত, হবিগঞ্জ-৩ আসনে ছরওয়ার রহমান চৌধুরী এবং হবিগঞ্জ-৪ আসনে আহমদ আবদুল কাদের।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ১৭ প্রার্থী হলেন, সিলেট-২ আসনে হোসাইন আহমদ, সিলেট-৩ আসনে নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে মুহাম্মদ আলী, সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে ফখরুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনে তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ আসনে শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে হাম্মাদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনে মুখলিসুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনে নুরুল হক, মৌলভীবাজার-১ আসনে বদরুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনে জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার-৪ আসনে শেখ নূরে আলম হামিদী, হবিগঞ্জ-১ আসনে সিদ্দিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে এখলাছুর রহমান, হবিগঞ্জ-৩ আসনে মাহবুবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে নুরুজ্জামান আসাদী।
গণঅধিকার পরিষদের ১৫ প্রার্থীর মধ্যে রয়েছেন, সিলেট-১ আসনে আকমল হোসেন, সিলেট-২ আসনে জামান আহমেদ সিদ্দিকী, সিলেট-৪ আসনে জহিরুল ইসলাম, সিলেট-৫ আসনে শাহনেওয়াজ চৌধুরী রাহাত, সিলেট-৬ আসনে অ্যাডভোকেট জাহিদুর রহমান, সুনামগঞ্জ-৩ আসনে পারভেজ আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে সওগাত উসমানী চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনে আসগর আলী, মৌলভীবাজার-২ আসনে খন্দকার সাইদুজ্জামান সুমন, মৌলভীবাজার-৩ আসনে অপু রায়হান, মৌলভীবাজার-৪ আসনে হারুনুর রশীদ, হবিগঞ্জ-১ আসনে আবুল হোসেন জীবন, হবিগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম খান এবং হবিগঞ্জ-৩ আসনে চৌধুরী আশরাফুল বারী নোমান।
অন্যদিকে, জাতীয় পার্টি (কাদের) নির্বাচনে অংশ নেওয়ার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। বিভাগের ১৯ আসনের প্রার্থী তালিকাও ইতিমধ্যে প্রস্তুত করেছে। এর মধ্যে তালিকা পাওয়া গেছে সিলেট জেলার ৬টি আসনের প্রার্থীর। তারা হলেন, সিলেট-১ আসনে আব্দুস শহীদ লস্কর বশির, সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনে আবুল কালাম, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ এবং সিলেট-৬ আসনে আব্দুর নূর বড় ভূঁইয়া। অনেকে মনে করছেন জাতীয় পার্টি হয়ে মকসুদ ইবনে আজিজ লামা, আতিকুর রহমান আতিক, সাব্বির আহমদের প্রার্থী হলে নির্বাচনের হিসাব নিকাশ অনেকটাই পাল্টে যেতে পারে।
জাপা সিলেট মহানগরের সদস্য সচিব ও সিলেট ১ আসনের প্রার্থী আব্দুস শহীদ লস্কর বলেন, পুরো বিভাগের ১৯ আসনেই প্রার্থী দেওয়া হবে। অতীতে সিলেট জাপার ঘাঁটি ছিল।
জাতীয় পার্টি (রওশন) বলয়ের কেন্দ্রীয় অন্যতম শীর্ষ নেতা ইশরাকুল হোসেন শামীম বলেন, জাপা নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়টি নির্ভর করছে নির্বাচন কমিশনের আচরণ ও মাঠের পরিস্থিতির ওপর।
বামপন্থি রাজনৈতিক দল বাসদ (মাকর্সবাদী) মৌলভীবাজার-২ আসনে সাদিয়া নোশিন তাসনিমকে তাদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। বাসদের অপর বলয় সিলেট-১ (মহানগর-সদর) আসনে প্রণব জ্যোতি পাল, মৌলভীবাজার-৪ আসনে অ্যাডভোকেট আবুল হাসান, হবিগঞ্জ-১ আসনে কমরেড আক্তার হোসেন অলক, হবিগঞ্জ-২ আসনে কমরেড লোকমান আহমেদ তালুকদার, হবিগঞ্জ-৩ আসনে কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী এবং হবিগঞ্জ-৪ আসনে কমরেড আব্দুল কদ্দুছ মজুমদারকে প্রার্থী করেছে।
বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর বলেন, আপাতত এই তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। আরও কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তাছাড়াও মনোনয়ন চূড়ান্ত করেছে জুলাই বিপ্লবের বহুল আলোচিত এনসিপি। সিলেটের ১৯ টি আসনের বিপরীতে বিপুল পরিমাণ মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
জেলা এনসিপির শীর্ষ নেতা এহতেশামুল হক বলেন, শিগগির প্রকাশ করা হবে তাদের প্রার্থী তালিকা।
মূল রিপোর্ট: দৈনিক সিলেটের মানচিত্র