মূল রিপোর্ট: দৈনিক সিলেটের মানচিত্র
একসময় ক্বীনব্রিজের দক্ষিণ পাড়ের নিচে ছিল রেলওয়ের মালগাড়ির বাণিজ্যিক করিডোর। একসময় চা, কয়লা ও সিলেট অঞ্চলের বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতো ক্বীনব্রিজের নিচের এ করিডোরটি যা পূর্বে পরিচিত ছিল ‘কুইন্সব্রিজ’ নামে। রেলের মালগাড়ির বিশাল বাণিজ্যিক এ করিডোরের জায়গাটি এখন লিজ নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, শর্ত ভঙ্গ করে এসব অবৈধ স্থাপনার ভিতরে অপরাধের আস্তানা গড়ে তোলা হয়েছে।
ক্বীনব্রিজের নিচের দক্ষিণ তীরের এ জায়গাটি রেলের ভূ-সম্পত্তি হিসেবে আছে। এখানে সিলেট শহরের সৌন্দর্যের প্রয়োজনে কিছু জায়গা সিলেট সিটি করপোরেশন ল্যান্ডমার্ক হিসেবে ওয়াকওয়ে নির্মাণ করেছে। সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ সুরমার ক্বীনব্রিজের নিচের মাল গাড়ির জায়গায় এখন অসংখ্য স্থাপনা। কেউ পাকাঘর বানিয়েছে। কিছু খালি জায়গা অবশিষ্ট ছিল তাও স্থানীয় ক্যাডাররা দখল করে মৌখিক ভাড়ায় কয়েকটি কলোনী তৈরি করে ফেলেছে। এ কলোনীতে এখন ভাড়ায় থাকেন মানুষজন।
রেলওয়ের মালবাহী ওয়াগনের বাণিজ্যিক এ করিডোরের লিংক রুট ছিল বাবনা সাধুরবাজার থেকে ক্বীনব্রিজের নিচে জমির শাহ মাজার পর্যন্ত। খোঁজ নিয়ে জানা গেছে, রেলের এসব জায়গা রেলের কিছু লোকের মাধ্যমে লিজ নিয়েছেন কতিপয় ব্যক্তি। তাদের লিজে অবৈধ স্থাপনা বানানোর নিষেধ ছিল, কিন্তু অনেকেই শর্ত লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ করেছেন। সেই সব স্থাপনার ভিতর এখন জুয়া ও মাদক বিক্রি হচ্ছে বলে স্থানীয় লোকজন জানান।
সাধুরবাজারে কাশেমের আস্তানাটি অপরাধের আঁতুর ঘর। অভিযোগ রয়েছে, কাশেম এখানে কলোনী বানিয়ে শীলং তীরের জুয়ার আসর বসায়। জুয়া খেলা অবস্থায় কাশেমকে এই আস্তানা থেকে পুলিশ অনÍত ১০ বার আটকও করেছে। তবুও সাধুরবাজারে এখনও শীলং তীরের জুয়ার বোর্ড চালান কাশেম পরিবার।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা থানার অন্তত ১০টি মাদক মামলার আসামি হলেন নাজমা বেগম নাজু। তিনি একাধিকবার দক্ষিণ সুরমা পুলিশের হাতে মাদকসহ আটক হয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা বিচারাধীন আছে। কিন্তু সেই নাজমাও জামিনে বের হয়েই রেলের মালগাড়ির এই জায়গায় স্থাপন হওয়া একটি কলোনীতে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
পুলিশ হাতে আটকের পরও কাশেম আজও রেলের মালগাড়ির করিডোরের এ জায়গায় জুয়ার রমরমা ব্যবসা অব্যাহত রেখেছে।
সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার আবু নাসের মো. রাসেল বলেন,‘ক্বীনব্রিজের নিচের জায়গাটি ব্রিটিশ আমলে মালবাহী ট্রেনের করিডোর ছিল। এ জায়গাটি এখন পরিত্যক্ত হওয়ায় সেখানে কিছু স্থাপনা তৈরি হয়েছে। জায়গাটি রেলের ভূ-সম্পত্তি বিভাগের। চলতি বছরে সিলেটে ভূ-সম্পত্তি বিভাগের প্রতিনিধি দল সিলেটে আসার কথা। এবার পরিদর্শনে এলে আমরা জায়গাটি দেখাবো। সেখানে রেলের কোনো স্থাপনা তৈরি করা যায় কিনা- তা নিয়েও প্রস্তাব দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন,‘ বছরে একবার আমরা সিলেটে পরিদর্শনে আসি। এ বছর ভূ-সম্পত্তি বিভাগ থেকে একটি প্রতিনিধি দল সিলেটে যাবে। সেখানে আমরা লিজের রেলের জায়গাগুলোর অবস্থা পরিদর্শন করবো। যদি কেউ রেলের জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করে তবে উচ্ছেদের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও রেলের ঐতিহাসিক স্থানগুলো নিয়ে আমাদের নতুন কিছু পরিকল্পনা রয়েছে।’