মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সিলেটে ফের অবৈধ চার্জিং পয়েন্ট চালু
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
মূল রিপোর্ট: দৈনিক সিলেটের মানচিত্র
জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বিচ্ছিন্ন হওয়াসহ শত শত অবৈধ চার্জিং পয়েন্ট ফের চালু হয়েছে। সিলেটের নগরীর বিভিন্ন এলাকায় গোপনে রিকশার গ্যারেজে গড়ে উঠেছে ব্যাটারির চার্জিং পয়েন্ট। বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে গোপনে চলছে এসব পয়েন্ট। এতে বিদ্যুতের অপচয় ও চুরি হচ্ছে বলে একাধিক সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগ রয়েছে, আবাসিক মিটার লাগিয়ে বাণিজ্যিকভাবে গোপন গ্যারেজে বিদ্যুতের এ চুরির ঘটনা ঘটছে। সিলেটে বিদ্যুৎ ঘাটতির একটি বড় কারণ এসব অবৈধ চার্জিং পয়েন্ট। সিলেটে প্রতিদিন চাহিদা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ। চাহিদার একটি সেগমেন্ট (অংশ) চলে যাচ্ছে ব্যাটারি চালিত রিকশার ব্যাটারির এসব অবৈধ চার্জিং পয়েন্টে।
বিদুৎ অফিস সূত্র জানায়, সিলেট নগরীতে ব্যাটারি চালিত অবৈধ রিকশা চলাচল বন্ধ করেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন, সিসিক ও পুলিশের যৌথ অভিযানে নগরীর কানিশাইল, শেখঘাট ও দক্ষিণ সুরমার অবৈধ চার্জিং পয়েন্টের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তারা আবারও এসব চার্জিং পয়েন্টের সংযোগ সচলে সহায়তা করেছেন। এর ফলে নগরীর বিভিন্ন স্থানে গোপনে ফের চালু হয়েছে প্রায় ১৫০টি অবৈধ সংযোগ। এর বেশিরভাগ সংযোগ সিলেট কোতোয়ালি থানার কানিশাইল, বেতের বাজার, শেখ ঘাট, মজুমদারপাড়া, কলাপাড়া, বাগবাড়ি, মেন্দিবাগ, দক্ষিণ সুরমার কদমতলী, আলমপুর, গোটাটিকর ও শিববাড়ি এলাকায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কদমতলী ফেরিঘাটের নদীরপাড়ের সুজন মিয়ার গ্যারেজে প্রতিরাতে ৫০ থেকে ৭০টি ব্যাটারি চার্জ দেওয়া হয়। পিডিবির লউয়াই শাখার কর্মচারী তাহিদ ও রফিক মিয়া এ গ্যারেজ থেকে বিদ্যুতের দৈনিক চাঁদা সংগ্রহ করেন। কদমতলী মসজিদের পাশে আলী এ্যলুমেনিয়ামের পিছনে কায়সার মিয়ার গ্যারেজে প্রতিরাতে কমপক্ষে ৮০ থেকে ১০০টি ব্যাটারি চার্জ দেওয়া হয়। এখান থেকে বিদ্যুতের কর্মচারী আলীম উদ্দিন দৈনিক চাঁদা সংগ্রহ করেন। ওই গ্যারেজের ভিতরে দুই ধরনের মিটার লাগানো হয়েছে। কিন্তু আবাসিক মিটার দিয়ে চার্জ দেওয়া হচ্ছে। একই এলাকার গলির ভিতরের আরেকটি গ্যারেজে চার্জিং পয়েন্ট আছে। সেখানে আরও ১২০ থেকে ১৫০টি ব্যাটারি প্রতি রাতে চার্জ দেওয়া হয়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণ সুরমার পাঠানপাড়া খানবাড়ি রোডের পাইপ ফ্যাক্টরীর পাশে বড় একটি গ্যারেজ। এই গ্যারেজে আবাসিক মিটার দিয়ে প্রতি রাতে অবৈধ অটোরিকশার ৯০ থেকে ১২০টি ব্যাটারি চার্জ দেওয়া হয়। প্রতি ব্যাটারি চার্জ থেকে ১৫০ টাকা বিল রাখেন গ্যারেজের মালিক। হুমায়ুন রশীদ চত্বরে মনোহর মিয়ার একটি গ্যারেজে রয়েছে অবৈধ চার্জিং পয়েন্ট। মোগলাবাজার থানার আলমপুর রোডে লামারগাঁও মোড়ে আলম মিয়ার নতুন গ্যারেজে ২০ থেকে ৩০টি ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে।
বিভিন্ন চার্জিং গ্যারেজের সূত্র জানায়, ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার এসব চার্জিং গ্যারেজে ব্যাটারি চার্জ দিয়ে মালিকেরা প্রতি রাতে ৭ হাজার থেকে ১৮ হাজার টাকা আয় করেন। অভিযানের ভয়ে দিনের বেলা চার্জ বন্ধ থাকে এসব গ্যারেজে। প্রতি রাতে চার্জ দেওয়া হয় স্থানীয় বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশকে দৈনিক চাঁদা দিয়ে এসব গ্যারেজ পরিচালনা করছেন মালিকেরা। এতে দেখা যাচ্ছে, প্রতি মাসে একটি বড় চাঁদার টাকা পাচ্ছেন বিদ্যুতের লোকেরা। বিনিময়ে তারা আবাসিক মিটার থেকে বাণিজ্যিক খাতে বিদ্যুৎ ব্যবহার করার বেআইনি সুযোগ দিচ্ছেন।
বিদ্যুৎ অফিসের একটি সূত্র জানায়, আবাসিক মিটারের বিদ্যুতের প্রতি ইউনিটের দাম কম, কিন্তু বাণিজ্যিক মিটারে প্রতি ইউনিটের দাম বেশি। অসাধু কর্মচারীরা আবাসিক মিটারের বিল নিয়ে এসব গোপন গ্যারেজে চার্জিং পয়েন্টে বাণিজ্যিক ব্যবহারের সুযোগ দিচ্ছেন। এতে অবৈধ টাকা উপার্জন করছেন গ্যারেজের মালিকেরা ও অসাধু বিদুৎ কর্মচারীরা। কিন্তু বিদ্যুতের একটি অংশ এসব অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জে অপচয় হচ্ছে। এতে সিলেটের মোট চাহিদার (১৫০ মেগাওয়াট) বিদ্যুৎ থেকে একটি অংশ কমে যাচ্ছে। কিন্তু পকেট ভারি করছেন গ্যারেজের মালিক, বিদ্যুতের কর্মচারী ও পুলিশ। এসব চার্জিং পয়েন্ট আবার গোপনে সচল হলে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আবার ব্যাপকভাবে সড়কে বেরিয়ে আসার আশঙ্কা রয়েছে।
সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি বলেন,‘ জেলা প্রশাসন, পুলিশ কমিশনার ও বিদ্যুৎ বিভাগের যৌথ অভিযানে এসব ব্যাটারির অবৈধ চার্জিং পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এখন যদি আবার তারা গোপনে সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ করে থাকে, তাহলে আমরা খোঁজখবর নিয়ে বিদ্যুৎ বিভাগের নিজস্ব মোবাইলকোর্ট পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪