সিলেট নগরীর শিবগঞ্জ থেকে হত্যাচেষ্টাসহ ৯ মামলার আসামি রাসেল উরফে পোল্ট্রি রাসেল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি। তারা জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা থানার কস্তুরি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত রাসেল মিয়া ওরফে পোল্ট্রি রাসেল (২৬) শিবগঞ্জ বাজার সংলগ্ন ঠাকুরপাড়া এলাকার মৃত আকমল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এরমধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্টও জারি করা হয়েছে।
তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।