কথায় নয়, আচরণেই যিনি আপন—এমন মানুষ খুব বেশি দেখা যায় না। কিন্তু নগরীর অলিগলি ও বাজারঘাটে এখন এক দৃশ্য বারবার চোখে পড়ছে। হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)-কে ঘিরে সাধারণ মানুষের ভিড়, কুশল বিনিময়, আর আন্তরিক ভালোবাসা। তার সরল ব্যবহার ও মানবিক আচরণেই মানুষ তাকে আপন করে নিচ্ছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর মদিনা মার্কেট ও আখালিয়া ৮ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি দোকানদার, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন, খোঁজখবর নেন এবং তাদের হাতে তুলে দেন প্রচারপত্র।
গণসংযোগকালে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তার সঙ্গে কথা বলেন, কেউ দোয়া করেন, কেউ সমর্থনের কথা জানান। মানুষের এই আন্তরিক সাড়ায় পুরো এলাকায় এক ইতিবাচক পরিবেশ তৈরি হয়।
অনেকেই জীবনের টানাপোড়েন, এলাকার সমস্যা আর দীর্ঘদিনের হতাশার কথা তুলে ধরেন। মাহমুদুল হাসান কারও কথা থামাননি, তাড়াহুড়াও করেননি—শুধু শুনেছেন।
এ সময় মাহমুদুল হাসান বলেন, “মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্যই রাজনীতিতে এসেছি।”
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া এই সমর্থন আগামী দিনগুলোতে আরও জোরালোভাবে কাজ করার প্রেরণা দিচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, সামনে সিলেট-১ আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মানুষের দোরগোড়ায় গিয়ে গণসংযোগ অব্যাহত থাকবে।
১২ ফেব্রুয়ারি সিলেট-১ আসনে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।