সিলেট নগরীর ছড়ারপার এলাকায় মসজিদের ছাদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) এক কর্মীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক সিলেট নগরীর কোতোয়ালি থানার শেখঘাট ভাঙ্গাটিকরপাড়া এলাকার মুহিবুরের ছেলে নাইম (২০)। আহতরা হলেন- একই এলাকার ইলিয়াছ আলীর ছেলে অপু (১৯) ও আল-আমিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে কাজে বের হন কয়েকজন শ্রমিক। পরে তারা মহানগরীর ছড়ারপার এলাকার একটি জামে মসজিদের ছাদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যান। চারজন শ্রমিকের সঙ্গে ওই সময় মসজিদ কমিটির ক্যাশিয়ারও উপস্থিত ছিলেন। কাজের একপর্যায়ে তিন শ্রমিক মসজিদের ছাদের রোডসাইড অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। সেখানে লম্বা ও বাঁকা কয়েকটি রড ছিল। কাজ করার সময় ওই রডের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন নাইম, অপু ও আল-আমিন।
এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। অপর দুই শ্রমিক অপু ও আল-আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাইমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, ‘এই ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’