সিলেটের বহুল আলোচিত দক্ষিণ সুরমার ভার্থখলা সুইপার কলোনী ও স্টেশন রোডে পৃথক অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা, ২০ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার একশো টাকা উদ্ধার করা হয়।
সোমবার রাতে এসএমপি’র মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এসএমপি সূত্র জানায়, শুক্রবার রাতে স্টেশন রোডস্থ শাহজালাল ফার্নিচারের সামনে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ও ২০ পুরিয়া গাঁজাসহ জাহাঙ্গীর আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
একই রাতে অপর এক অভিযানে ভার্থখলা সুইপার কলোনী থেকে ৭৫ পিস ইয়াবা ও নগদ ২ হাজার একশো টাকাসহ নান্টু লাল বাঁশফোড় (৩৩) এবং সুস্মিতা রানী রিটা ওরফে মনি (২৮) কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।