সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে টানা ৩৫ ঘণ্টা প্রশাসনিক ভবনে অবরুদ্ধ থাকার পর মুক্তি পেয়েছেন অধ্যক্ষসহ ২০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার রাতে প্রশাসনিক ভবনের তালা খুলে দিলেও প্রধান ফটকসহ একাডেমিক ভবনগুলোতে এখনও তালা ঝুলিয়ে রাখায় ক্যাম্পাস থেকে বের হতে পারছেন না তারা। একই সাথে প্রশাসনের সাথে দীর্ঘ আলোচনায় সুনির্দিষ্ট কোনো সমাধান না আসায় প্রতিষ্ঠানে অচলাবস্থা আরও ঘনীভূত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত কলেজের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় অবরুদ্ধ শিক্ষকরা বের হতে পারেননি এবং প্রশাসনিক ও একাডেমিক সকল কার্যক্রম পুরোপুরি থমকে আছে।
এর আগে পরিস্থিতি সামাল দিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন। প্রশাসন থেকে আগামী তিন মাসের মধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত করার আশ্বাস দেওয়া হয়।
তবে শিক্ষার্থীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বদলির প্রজ্ঞাপন বাতিলের দাবি জানালে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দিতে না পারায় বৈঠকটি অমীমাংসিতভাবেই শেষ হয়।
শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের দাবি শতভাগ পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অচলাবস্থা অব্যাহত থাকবে।
মতামত