মৌলভীবাজারের জুড়ীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার নাইট চৌমুহনী এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়কে ‘ফরমায়েশি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক মামলায় আটক দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া হাবিবুর রহমান জয় অভিযোগ করেন, ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রায় দেওয়া হয়েছে। অনতিবিলম্বে এসব রায় বাতিল ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।
এদিকে নিষিদ্ধ সংগঠনের এই মিছিলের সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটিতে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।