জীবিকার তাগিদে প্রায় ছয় বছর আগে ওমানে গিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খলিলুর রহমান রিফাত (২৭)। দেশটির রাজধানী মাসকাটের একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। নিয়মিত মায়ের সঙ্গে মুঠোফোনে কথা হতো তার। কিন্তু ১৮ দিন আগে শেষবার কথা বলার পর থেকে রিফাতের আর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার।
রিফাতের বাড়ি চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামে। তিনি ওই গ্রামের আজিজুল হকের দ্বিতীয় সন্তান। ছেলের সন্ধান না পেয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। বিশেষ করে মা সাফিয়া আক্তার ছেলের জন্য বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
পরিবারের সদস্যরা জানান, রিফাত প্রবাসে থাকলেও প্রতিদিন মায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। ১৮ দিন আগে মায়ের সঙ্গে কথা বলার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। প্রথম দিকে তারা ভেবেছিলেন, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ না মেলায় দুশ্চিন্তা বাড়তে থাকে।
রিফাতের সন্ধান পেতে ওমানে থাকা তার সহকর্মী, একই কক্ষে থাকা ব্যক্তিসহ পরিচিত প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করেছেন স্বজনেরা। তবে কেউ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। মাসকাটের যে রেস্তোরাঁয় তিনি কাজ করতেন, সেখানকার বিদেশি মালিকের কাছ থেকেও তার সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ছেলের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন মা সাফিয়া আক্তার। তিনি বলেন, আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন দিত। ১৮ দিন ধরে আমার বুকটা খালি। আমার ছেলে বেঁচে আছে কি না, তাও জানি না। ছেলেকে খুঁজে পেতে আমি সরকার ও প্রবাসী ভাইদের কাছে সাহায্য চাই।
রিফাতের বাবা আজিজুল হকও ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। পরিবারের পক্ষ থেকে ওমানে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
মাসকাটে অবস্থানরত কোনো প্রবাসী খলিলুর রহমান রিফাতের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ জন্য ০১৯২৮২৯০৫৫৪ নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে।