সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ উদ্দেশ্যে কৃষির আধুনিকায়ন, সারা বছর পরিকল্পিত ফসল উৎপাদন, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার, সংরক্ষণব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির ওপর বিশেষ জোর দিচ্ছে সরকার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে 'ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট'-এর আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ভর্তুকিমূল্যে কৃষিযন্ত্র ও বিনামূল্যে এলএলপি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট সদর উপজেলার শতভাগ কৃষিজমি সারা বছর চাষাবাদের আওতায় আনতে খাল খননসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রবাসীবহুল অঞ্চল হওয়ার সুবিধা উল্লেখ করে তিনি জানান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের কাছে সিলেটের সবজি রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে সিলেট বিমানবন্দর এলাকায় শিগগিরই একটি আধুনিক প্যাকেজিং হাউস ও কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে।
সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আগামী পাঁচ বছরের মধ্যে সিলেটের কৃষি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু।