নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার অনুযায়ী রাষ্ট্রকাঠামো মেরামতের ‘৩১ দফা’ রূপরেখা বাস্তবায়নে বিএনপি সম্পূর্ণ বদ্ধপরিকর বলে জানিয়েছেন সিলেট-৩ (বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালিক।
তিনি বলেন, বিএনপির ৩১ দফার মূল লক্ষ্যই হলো গণতান্ত্রিক সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মোরারা বাজারে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আব্দুল মালিক বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনের সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ওপর নির্মম দমন-পীড়ন চালানো হয়েছে। গায়েবি মামলা, হামলা, জেল-জুলুম, গুম ও খুনের শিকার হতে হয়েছে অগণিত মানুষকে। কিন্তু বিএনপি প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি দায়িত্ব পালনের ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতা ও বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে না; আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল দর্শন।
উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি আরও বলেন, ইতোমধ্যে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড প্রদানের কার্যক্রম এগিয়ে চলেছে। এছাড়া নির্বাচনের পর স্বল্প সময়ের মধ্যে বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন সম্পন্ন হয়েছে। বাকি গ্রামীণ সড়কগুলোর মাটি ভরাট ও পাকাকরণের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে অগ্রাধিকার দিয়ে সিলেট-৩ আসনকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।
দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টুর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল এবং দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা নাজমুল আলম।
জনসভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় ইউপি সদস্য মো. বাবরু মিয়াসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।