পর্তুগালের হয়ে সময়টা ভালো কাটছিল না তার। নেশনস লিগ চলার মধ্যে ক্যাম্প ছেড়ে হয়েছিলেন নিষিদ্ধও। এবার জাতীয় দলকে বিদায়ই বলে দিলেন ৪১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো।
দুপুরে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার এই সিদ্ধান্তের কথা জানান রোনালদো।
পর্তুগালের মানুষদের উদ্দেশে দেওয়া সেই ভিডিওতে রোনালদো বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেয়ার সময় এসেছে।’
সিআর সেভেন আরও বলেন, ‘আমি কখনো মনে করিনি, এটাতে শুধু আমার অধিকার। তবে ২৩ বছর যাবৎ এই জার্সি পরার সম্মান ও দায়িত্ব আমার ওপর ছিলো। এটা রক্ষা করার চেষ্টা করেছি। এটাকে আমার সঙ্গে সারা বিশ্বের স্টেডিয়ামগুলোতে নিয়ে গিয়েছি।'
ভিডিও বার্তায় রোনালদো আরও জানান, 'সিদ্ধান্তটি সহজ ছিল না, কারণ কিছু সিদ্ধান্ত কেবল মন দিয়ে নেওয়া হয় না। সেগুলোতে হৃদয়েরও ছোঁয়া থাকে। ২০০৩ সালের আগস্ট মাসে শুরু হওয়া এবং চিরতরে আমার জীবন বদলে দেওয়া একটি যাত্রার আজ অবসান ঘটল।'
তিনি আবেগঘন কন্ঠে আরও বলেন, 'জাতীয় দলের হয়ে আমি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলোর দিকে যখন ফিরে তাকাই, তখন কেবল ম্যাচ, গোল, রেকর্ড বা ট্রফি দেখতে পাই না। আমি মানুষকে দেখতে পাই। আমি প্রবাসী পর্তুগিজদের দেখতে পাই, যারা ৯০ মিনিটের জন্য নিজেদের দেশকে একটু হলেও কাছাকাছি অনুভব করতেন। আমি এমন লাখ লাখ পর্তুগিজ মানুষকে দেখতে পাই, যাদের সঙ্গে আমার কখনো দেখা হয়নি, অথচ তারা আমার জীবনের অংশ হয়ে গেছেন। কারণ দিনশেষে, ফুটবল কেবল একটি খেলার চেয়ে অনেক বড় কিছু। মানুষ নিয়েই ফুটবল।'
বার্তার শেষভাগে রোনালদো বলেছেন, 'জাতীয় দলের হয়ে আমার পুরো ক্যারিয়ারজুড়ে আমি সবসময় আমার সীমানা ছাড়িয়ে নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে চেয়েছি। আমি সবসময় জিততে চেয়েছি। আমি আরও ভালো হতে চেয়েছি, ইতিহাস গড়তে চেয়েছি। আমি সবসময় নিজের কাছে সর্বোচ্চ দাবি রেখেছি। সবসময় আরও বেশি চেয়েছি। সবসময় বিশ্বাস করেছি যে আমরা আরও দূরে যেতে পারি এবং এই জার্সির জন্য আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি।'
পর্তুগালের হয়ে রেকর্ড ২৩৪টি ম্যাচ খেলে সর্বোচ্চ ১৪৬টি গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। তার অধিনায়কত্বেই ২০১৬ সালে প্রথমবার ইউরো শিরোপা জিতেছিল পর্তুগাল। এছাড়া দেশের হয়ে দুটি উয়েফা নেশনস লিগ শিরোপার স্বাদও পেয়েছেন তিনি।
দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ও সাফল্যের জন্ম দিয়ে আন্তর্জাতিক আঙিনাকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন রোনালদো। হাজারতম গোলের লক্ষ্যেই ছুটে চলেছেন তিনি।