সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ও বাংলাদেশি চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, কানাইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা, চিনি, পাতার বিড়ি, গরু এবং বাংলাদেশি রসুন জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ২৫ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।