সিলেটের সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুরে অভিযান চালিয়ে মো. কিবরিয়া (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির দাবি, আটক ব্যক্তি একজন চিহ্নিত মানব পাচারকারী। প্রায় চার ঘণ্টার বিশেষ অভিযান শেষে শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিঞ্জি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক কিবরিয়া জৈন্তাপুর উপজেলার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের ছেলে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালাখাল বিওপির একটি টহল দল শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে রাত ৮টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি নামক স্থান থেকে তাঁকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম, পিবিজিএম জানান, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।