'শেকল ভাঙার ছন্দ মোরা দেয়াল ভাঙার উচ্চারণ' এই স্লোগানকে ধারণ করে প্রায় ২৬ বছর ধরে পথ চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন 'মাভৈঃ আবৃত্তি সংসদ'। তাদের পথচলা শুরু ১৯৯৮ সালের ১৫ নভেম্বর।
আবৃত্তি প্রেমিদের ভালোবাসা ও আবেগের নাম মাভৈঃ।
কবিতা প্রেমীদের আস্থা ও ভালোবাসার জায়গা মাভৈঃ যেখানে অগ্রজদের তত্বাবধানে অনুজদের আবৃত্তি শাস্ত্রের দীক্ষা দেন।অগ্রজদের একান্ত স্নেহধন্য হয়ে অনুজরা বাংলাভাষার শব্দভান্ডারকে আয়ত্ব করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি সেন্টারের (ইউসি) ১০২ নাম্বার কক্ষে চলে তাদের এই প্রচেষ্ঠা।
চড়াই-উতরাই পেরিয়ে সংগঠনটি এবছর ২৬ এ পা রাখে।পড়ালেখার পাশাপাশি আবৃত্তিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতি ও সুন্দর মন গড়ে তোলায় দীর্ঘদিন ধরেই ভূমিকা রাখছে সংগঠনটি।
মাভৈঃ আবৃত্তি সংসদ ২০০৭ সালের ২৮ মার্চ ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’-এর স্থায়ী সদস্যপদ লাভ করে। সংগঠনটির রয়েছে সৃজনশীল লেখনী বিভাগ। ২০০৮ সালের ১৭ আগস্ট থেকে এ বিভাগ মাসিক সাহিত্যের ছোট কাগজ ‘প্রজাপতি’ বের করে আসছে। সেখানে সংগঠনের সদস্যরা গল্প, কবিতা, প্রবন্ধ প্রভৃতি রচনার মাধ্যমে সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোটের নানা অনুষ্ঠানে সংগঠনটির উপস্থিতি নজরকাড়া। জাতীয় দিবস, পহেলা বৈশাখ ও বিশ্ববিদ্যালয় আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মাভৈঃ আবৃত্তি সংসদের থাকে মনোমুগ্ধকর পরিবেশনা।
মাভৈঃ এর সদস্যরা নিজেদের অবদান রেখে চলেছেন বিশ্ববিদ্যালয়ের বাইরের অঙ্গনেও। জাতীয় দুর্যোগ কিংবা আন্দোলন সংগ্রামে সংগঠনের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া'ও বিভিন্ন আবৃত্তি ও সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা সবসময় সুনাম বয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের জন্য।
সংগঠনটির সভাপতি সাদিয়া আঞ্জুম শৌমি বলেন, মাভৈঃ আবৃত্তি সংসদ এর মূল লক্ষ্য হচ্ছে ক্যাম্পাসসহ সারাদেশে বাংলা সাহিত্য এবং সংস্কৃতির সুস্থ চর্চা ও বিকাশে কাজ করা। কবিতার ভাষায় মাভৈঃ সবসময় অন্যায়ের বিপক্ষে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সংগঠনটির নিয়মিত কার্যক্রমের পাশাপাশি জাতীয় দিবসগুলোতে অনুষ্ঠান আয়োজন, মৌলিক প্রযোজনা, নবীন বরণ, কর্মশালা, বৃন্দ প্রযোজনা, শ্রুতি নাটক, বনভোজন ও সাপ্তাহিক আড্ডার আয়োজন করে থাকে।সংগঠনের সদস্যদের সৃজনশীলতা বিকাশে মাভৈঃ আবৃত্তি সংসদ তাদের মাসিক প্রকাশনা 'প্রজাপতি' প্রকাশ করে আসছে, যেখানে সদস্যদের বিভিন্ন মৌলিক লেখনী স্থান পায়।