সুনামগঞ্জের বিশম্ভরপুরে একটি মরিচ ক্ষেত থেকে গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার দুপুরে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্টের পাশের একটি মরিচ ক্ষেত থেকে গ্রেনেডটি উদ্ধার করেন বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
বিশম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার চালবন্দ গ্রামের সাব্বির আহমদ নামের জনৈক ব্যক্তি আমাদের জানান, তার মরিচ ক্ষেতে গ্রেনেড সাদৃশ্য একটি বস্তুর অস্তিত্ব দেখা যাচ্ছে।
আমরা সাথে সাথেই শান্তিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সংবাদ পৌঁছাই। শুক্রবার দুপুর ১২ টার দিকে সেনাবাহিনীর একটি বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম এসে মরিচ ক্ষেত থেকে গ্রেনেড টি উদ্ধার করেন এবং সেটি নিষ্ক্রিয় করেন। এ সময় পুলিশ সদস্যরা ও উপস্থিত ছিল।
সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে গ্রেনেডটি পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে এটি একটি সক্রিয় k36 অথবা M36 মডেলের গ্রেনেড। এরপর তারা নিরাপদ দূরত্বে গ্রেনেডটি নিয়ে যান এবং তা নিষ্ক্রিয় করেন।
শান্তিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পের ইনচার্জ লে. কর্ণেল আল হোসাইন সাংবাদিক দের জানান, এটি k36 অথবা M36 মডেলের একটি সক্রিয় গ্রেনেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের সময় এই মডেলের গ্রেনেড ব্যবহৃত হতো। এটি এতোদিন মাটি ছাপা ছিলো এখানে অথবা অন্য জায়গা থেকে কেউ এনেছে। পুলিশ আমাদের জানানোর পর বোম্ব ডিসপোজাল ইউনিট সফলভাবে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে।
মতামত