চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অক্টোবরের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই অর্থ এসেছে ৯৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। আরিফ হোসেন খান আরও জানান, ১২ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১৯ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এছাড়া, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে এটি ১৬.৩০ শতাংশ বেড়েছে। এর আগে, গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
মতামত