হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার বিএম তৌহিদ হাসান।
এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
পরিদর্শনকালে বিএম তৌহিদ হাসান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মোট ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত একটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সেক্টর কমান্ডার আরও বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারি করছেন। দুর্গাপূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।