লাল বেনারসি, সোনালি জরির ঝলক আর গলায় নজরকাড়া চোকার—দুর্গাপূজার আবহে এমন সাজেই নতুন করে নজর কাড়লেন অভিনেত্রী জয়া আহসান। প্রতিমা তৈরির ব্যস্ততা আর কুমোরটুলির আবহে তোলা ছবিতে ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। তবে, সাজের বাইরেও ছবির সঙ্গে জয়ার লেখা কয়েকটি শব্দ ভাবাচ্ছে ভক্তদের।
ফেসবুকে ছবিগুলো শেয়ার করে জয়া লিখেছেন, ‘দেবী সত্তা কোনো অলংকার নয়, এক অন্তর্নিহিত শক্তি.. আমার ভেতরের আলোয়..আমার ভেতরের দুর্গা…’

‘আমার ভেতরের দুর্গা’—ছবির ক্যাপশনে অন্তর্নিহিত শক্তির কথা বললেন জয়া
জয়ার সাজে লাল শাড়ির সঙ্গে সোনালি নকশার সমন্বয় আলাদা করে নজর কাড়ে। শাড়ির আধুনিক ড্রেপিং, খোলা কাঁধ আর একই রঙের টাইট-ফিট পায়জামায় এসেছে সমসাময়িক ফ্যাশনের ছোঁয়া। গলায় ভারী সোনালি চোকারই ছিল প্রধান অলংকার। অন্যদিকে, সংযত মেকআপ সাজটিকে দিয়েছে পরিমিত সৌন্দর্য।
ছবিগুলোতে ভক্তদের প্রতিক্রিয়াও বেশ বৈচিত্র্যময়। কেউ জয়ার রূপের প্রশংসা করেছেন, কেউ মুগ্ধ হয়েছেন তার পোশাক নির্বাচনে। এক ভক্ত লিখেছেন, ‘বাহবা, একেবারে দেবীর মতোই লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘তোমার কস্টিউম সেন্স অসাধারণ। এজন্যই তুমি জয়া আহসান। সাধারণের মধ্য থেকে অসাধারণ চরিত্র। তোমার জন্য সব সময় শুভকামনা।’

সাজ নিয়ে জয়ার কমেন্টে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া
তবে, প্রশংসার পাশাপাশি এসেছে ছোটখাটো আপত্তিও। এক ভক্তের মন্তব্য, ‘এখানে জুতো না পরলেই ভালো লাগতো।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, জয়ার সবকিছুই তার ভালো লাগে বলেই এমন পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, অনেকে জানিয়েছেন শারদীয়ার শুভেচ্ছা ও বিজয়ার শুভকামনা।
জয়ার এই সাজ থেকে পুজোর ফ্যাশনে অনুপ্রেরণা নিতে পারেন অনেকেই, উজ্জ্বল রঙের শাড়ি, একটি আকর্ষণীয় গয়না আর হালকা মেকআপেই তৈরি হতে পারে নিজস্ব স্টাইল। আর ছবির সঙ্গে তার বার্তাটি মনে করিয়ে দেয়, দেবী সত্তার প্রকাশ শুধু সাজে নয়, আত্মবিশ্বাস ও অন্তরের শক্তিতেও।