মালয়েশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা আগামী এক বছরের মধ্যে শেষ করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় বাংলাদেশ।
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশীয় বাজারে ডালের পর্যাপ্ত সরবরাহ নিয়ে আয়োজিত সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) সম্পন্ন হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা দ্রুত শেষ করার চেষ্টা চলছে এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
তিনি আরও জানান, ইন্দোনেশিয়া, হংকং, ওমান ও নিউজিল্যান্ডের সঙ্গে শিগগিরই এফটিএ আলোচনা শুরু হবে। পাশাপাশি বড় বাণিজ্যিক জোট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা বহাল রাখার বিষয়ে জোর দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এফটিএ কার্যকর হলে বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত পণ্যগুলো সংশ্লিষ্ট দেশের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশের সুযোগ পাবে। এতে রপ্তানি বাড়ার পাশাপাশি নতুন বাজার সৃষ্টি হবে।
মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যের ভারসাম্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশটি থেকে বাংলাদেশ প্রচুর পাম তেল আমদানি করায় বর্তমানে বাণিজ্য মালয়েশিয়ার অনুকূলে রয়েছে। তবে এফটিএ স্বাক্ষরিত হলে মালয়েশিয়ায় যেমন বাংলাদেশের রপ্তানি বাড়বে, তেমনি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগও তৈরি হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত এফটিএ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম দফার আলোচনা মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকায় শুরু হয়েছে। এ লক্ষ্যে মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন ৩০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে।