জরুরি সংস্কারকাজ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সিলেট নগরী ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার নির্দিষ্ট দুটি সময়ে দুই দফায় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে:
সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত (৩ ঘণ্টা):
৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচার আংশিক, পাহাড়িকা ও বড়বাজার এলাকায় বিদ্যুৎ থাকবে না।
একই সময়ে লাক্কাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার ও সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (৫ ঘণ্টা):
আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলাবাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট ও ফরিদাবাদ আবাসিক এলাকা।
নির্ধারিত সময়ে জরুরি সংস্কারকাজ ও গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছে।