সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগজুড়ে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৫ জনে।
এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির নাম রাজ আহমেদ। তার বয়স ১০ মাস। সে হবিগঞ্জের লাখাই থানার মিঠু মিয়ার ছেলে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর হাম ও হাম সন্দেহে বিভাগে মোট ২০৫ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৮৩ জন মারা গেছেন সিলেটে। এ ছাড়া সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৩৩ জন এবং মৌলভীবাজারে ১৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, চলতি বছরে সিলেট বিভাগে এ পর্যন্ত ১ হাজার ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৩৬ রোগীর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন রয়েছেন।
এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৭ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজারে ১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৮ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৪৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন রোগী ভর্তি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না।