বরিশাল থেকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্থান ভ্রমণে এসে টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মো. মনিরুজ্জামান মিয়া বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।
সফরসঙ্গী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার প্রায় ৩০ জনের একটি পর্যটক দল সিলেট-সুনামগঞ্জের দর্শনীয় স্থানসমূহ ভ্রমণের উদ্দেশ্যে আসে। মনিরুজ্জামানও ওই দলের সদস্য ছিলেন।
বুধবার সকালে টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে থাকা অবস্থায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মরদেহ প্রাথমিক প্রক্রিয়া শেষে নিজ এলাকা বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁর সফরসঙ্গীরা।