সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর সোশ্যাল জাস্টিস ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার সহ-সভাপতি আর এইচ আফজাল আহমেদ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, প্রাক্তন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট, কলেজ গভর্নর ও বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্ব শোয়ে আহমেদ তালুকদারের পক্ষে আর এইচ আফজাল আহমেদের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ শামসুদ্দোহা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম, রায়হান উদ্দিন, মুক্তি শামসুল ইসলাম নূরী, পাটলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সম্মাননা প্রদানকালে বক্তারা বলেন, শিক্ষা বিস্তার, মানবসেবা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হলে তা নতুন প্রজন্মকে ভালো কাজে অনুপ্রাণিত করে। আর এইচ আফজাল আহমেদ দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর এ মানবিক অবদান এলাকায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে সম্মাননাপ্রাপ্ত আর এইচ আফজাল আহমেদের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।