ঝকঝকে ও নিখুঁত ‘গ্লাস স্কিন’ বা কাচের মতো স্বচ্ছ ত্বকের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান স্কিনকেয়ার বা ‘কে-বিউটি’। তবে ১০ ধাপের এই রূপচর্চার কথা শুনে অনেকেই ঘাবড়ে যান। যুক্তরাষ্ট্রের সাময়িকী হারপার’স বাজার-এর এক প্রতিবেদনে ত্বকবিশেষজ্ঞ ডা. ওয়াই ক্লেয়ার চ্যাং ও রূপবিশেষজ্ঞ এরিকা চোই জানিয়েছেন, এটি কোনো কঠোর নিয়ম নয়; বরং ত্বকের ধরন বুঝে ধাপে ধাপে আর্দ্রতা ধরে রাখার একটি সহজ কৌশল।
ধাপ ১: অয়েল ক্লিনজার
দিনশেষে ত্বকের মেকআপ, সানস্ক্রিন ও অতিরিক্ত তেল দূর করতে প্রথমে তেলভিত্তিক ক্লিনজার ব্যবহার করা হয়। এটি ত্বক শুষ্ক না করেই লোমকূপের ভেতর থেকে তেলজাতীয় ময়লা আলগা করে বের করে আনে।
ধাপ ২: ওয়াটার-বেসড ক্লিনজার
অয়েল ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পর পানিভিত্তিক বা ফোম ক্লিনজার দিয়ে দ্বিতীয়বার মুখ পরিষ্কার করতে হয়। কোরিয়ান রূপচর্চায় একে ‘ডাবল ক্লিনজিং’ বলে, যা ত্বকের ঘাম ও অবশিষ্ট ধুলাবালি পুরোপুরি দূর করে।
ধাপ ৩: এক্সফোলিয়েটর
ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখতে এক্সফোলিয়েটর ব্যবহার করা হয়। তবে এটি প্রতিদিন নয়, বরং সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যায়।
ধাপ ৪: টোনার
মুখ ধোয়ার পর ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে টোনার ব্যবহার করা জরুরি। কোরিয়ান টোনারগুলো ত্বককে আর্দ্র ও কোমল করে তোলে, যাতে পরবর্তী প্রসাধনীগুলো ত্বকে সহজে মিশে যেতে পারে।
ধাপ ৫: এসেন্স
এসেন্স হলো কোরিয়ান রূপচর্চার মূল প্রাণ, যা টোনারের চেয়ে সামান্য ঘন কিন্তু সিরামের চেয়ে হালকা। এটি ত্বকের গভীরে আর্দ্রতা জোগায় এবং নতুন কোষ গঠনে সাহায্য করে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
ধাপ ৬: সিরাম বা অ্যাম্পুল
ব্রণ, কালো দাগ, বলিরেখা বা রুক্ষতার মতো নির্দিষ্ট কোনো সমস্যা সমাধানে সিরাম বা অ্যাম্পুল ব্যবহার করা হয়। উচ্চ ঘনত্বের কার্যকর উপাদানসমৃদ্ধ এই প্রসাধনী সরাসরি ত্বকের নির্দিষ্ট সমস্যার ওপর কাজ করে।
ধাপ ৭: শিট মাস্ক
ত্বককে তাৎক্ষণিক সতেজ ও গভীরভাবে আর্দ্র করতে শিট মাস্ক দারুণ কার্যকর। সিরামসমৃদ্ধ এই পাতলা মাস্ক সপ্তাহে এক বা দুই দিন ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখলে ত্বক কোমল ও প্রাণবন্ত হয়ে ওঠে।
ধাপ ৮: আই ক্রিম
চোখের চারপাশের ত্বক মুখের অন্যান্য অংশের তুলনায় অনেক পাতলা ও সংবেদনশীল হয়। তাই ডার্ক সার্কেল, ফোলাভাব ও সূক্ষ্ম বলিরেখা দূর করতে অনামিকা আঙুলের হালকা চাপে আই ক্রিম লাগানো হয়।
ধাপ ৯: ময়েশ্চারাইজার
আগের ধাপগুলোতে ত্বকে যে আর্দ্রতা ও পুষ্টি দেওয়া হয়েছে, তা ধরে রাখতেই ময়েশ্চারাইজার ব্যবহার করা হয়। ত্বকের ধরন অনুযায়ী হালকা জেল বা ক্রিমজাতীয় ময়েশ্চারাইজার ত্বককে সারা দিন নরম ও সুরক্ষিত রাখে।
ধাপ ১০: সানস্ক্রিন
সকালের রূপচর্চার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সানস্ক্রিন ব্যবহার করা। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বক বাঁচাতে এবং অকাল বার্ধক্য রোধে প্রতিদিন সানস্ক্রিনের প্রলেপ দেওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১০টি ধাপই অনুসরণ করা বাধ্যতামূলক নয়; বরং নিজের ত্বকের প্রয়োজন বুঝে মূল ধাপগুলো নিয়মিত মেনে চললেই কাঙ্ক্ষিত সুস্থ ও উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব।
