সুনামগঞ্জের তাহিরপুরে ধান কাটতে গিয়ে কৃষকদের হাতে ধরা পড়েছে একটি মেছো বিড়াল। প্রাণীটিকে স্থানীয়ভাবে মেছোবাঘ বলে প্রচার করছেন অনেকে। বুধবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রাণীটিকে গ্রামের বাসিন্দা হুমায়ুন মিয়ার বাড়িতে লোহার খাঁচায় আটকে রাখা হয়।
বুধবার রাতে হুমায়ুন মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, খাঁচায় বন্দী প্রাণীটিকে দেখতে সেখানে ভিড় করেছেন উৎসুক লোকজন। হুমায়ুন জানান, বুধবার দুপুরে ৩০ থেকে ৪০ জন কৃষক মিলে একটি ক্ষেতে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ তাঁদের চোখে পড়ে প্রাণীটি। পরে সবাই মিলে সেটিকে আটক করে তার বাড়িতে নিয়ে আসেন।
হুমায়ুন বলেন, খাঁচায় রাখার পর থেকে প্রাণীটি তেমন কিছু খাচ্ছে না। রাতে খাঁচার সামনে বিস্কুট, মাছ ও মাংস দেওয়া হয়েছিল। এর মধ্যে সামান্য মাছ খেলেও অন্য খাবারে মুখ দেয়নি।
প্রাণীটিকে বাড়িতে আটকে রাখায় বিপাকে পড়েছেন বলেও জানান হুমায়ুন। তিনি বলেন, বন বিভাগের লোকজন এসে প্রাণীটিকে নিয়ে গেলে তিনি স্বস্তি পাবেন।
এ বিষয়ে তাহিরপুরের দায়িত্বে থাকা বনবিট কর্মকর্তা রুবেল আহমেদ বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে অবমুক্ত করা হবে।