হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট বিভাগে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে করে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩ জনে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয়। সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া তিন শিশুর বয়স সাত থেকে আট মাসের মধ্যে। তারা হলেন-এবং মাহিন (৮ মাস) কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা কাওসারের ছেলে, হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে ইরফান (৭ মাস) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা আব্দুল হকের মেয়ে।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৫৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪১ জন রোগী।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২২৩ জনের মধ্যে পরীক্ষাগারে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল; বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষাগারে সিলেট বিভাগের মোট ১ হাজার ৮০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।