সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে আইন অমান্য করায় ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৬ নভেম্বর (রাত ১২টা থেকে পরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) এসএমপির আওতাধীন এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি জানায়, গ্রেফতারকৃত ৪৪ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি, মাদক কারবারি এবং মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায় অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-১ হাজার ৪০৪ কেজি আলু, ১০ কেজি টমেটো, ১০২ পিস কম্বল এবং ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের অন্যান্য ভারতীয় পণ্য।
অন্যদিকে, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে সর্বমোট ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৮৯টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। নিরাপদ সিলেট গড়তে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।