গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সীমান্তের বাংলাদেশ অংশের প্রায় ২০০ গজ ভেতর থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বিছনাকান্দি সীমান্ত এলাকা দিয়ে ওই বিএসএফ সদস্য অস্ত্রসহ ভুলবশত বা অন্য কোনো কারণে বাংলাদেশের ভেতরে চলে আসেন। বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসার সঙ্গে সঙ্গে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁকে আটক করে ফাঁড়িতে নিয়ে যান।
আটক বিএসএফ সদস্যকে দ্রুত ভারতে ফেরত পাঠানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। এই বৈঠকের মাধ্যমেই তাঁকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বিজিবি।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশের সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে অস্ত্রসহ প্রবেশ করায় তাঁকে আটক করা হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত পাঠানো হবে।
এদিকে, বিছনাকান্দি এলাকায় বেড়াতে যাওয়া এক বাংলাদেশি পর্যটককে বিএসএফ সদস্যদের মারধর করার একটি অভিযোগও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়েছে। তবে এই অভিযোগের সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি।