সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে বিরোধের ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
এ ঘটনায় তাঁরা আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে রোগীর দুই স্বজনকে উদ্ধার করে।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকেরা হলেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের সাংবাদিক নিবেন্দু তালুকদার।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, ওসমানী হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধ হয়।
এ সময় রোগীর দুই স্বজনকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে আরও কয়েকজন ইন্টার্ন চিকিৎসক সেখানে এসে ফের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। এ সময় দুই সাংবাদিক আহত হন।
ওসি আরও জানান, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আহত সাংবাদিক রেজা রুবেলের চিকিৎসা চলছে হাসপাতালের পঞ্চম তলার অপারেশন থিয়েটারে। তাঁর অভিযোগ, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে চিকিৎসকেরা তাঁকে মারধর করেন, এতে তাঁর মাথা ফেটে যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আবু জাফর মো. খালেদ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।