ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করাই সরকারের অঙ্গীকার।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শনিবার সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের জন্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব উপাধির চেয়েও গুরুত্বপূর্ণ হলো, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন, আবার কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।
মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।
এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমিও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে কোনো গৌরব ও সাফল্য আমাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।’
প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। এটি যে সময়োপযোগী সিদ্ধান্ত ছিল, তা পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। এ ছাড়া ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল।
বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধাই আজ বয়সের ভারে ক্লান্ত। কিন্তু জীবনসায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো জ্বলজ্বল করছে।
এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
শিখা অনির্বাণে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।