শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) নানা আয়োজনে বিজয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮ টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক ড. মোখলেছুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় দিবসের শোভাযাত্রা শেষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায়, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো. ইসমাইল হোসেন, প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আল-আমিন, রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদিরসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা ও শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি। বাংলাদেশী জাতির জাতীয় জীবনে তাই মুক্তিযুদ্ধ এবং এর সফল পরিণতি হিসাবে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা সবচেয়ে বড় অর্জন।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে শিশুদের জন্য খেলাধুলা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মতামত