শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভারী বর্ষণ: সিলেটের সব উপজেলায় জেলা প্রশাসনের যে নির্দেশনা
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৫
পাহাড়ি ঢল আর ভারী বর্ষণের ফলে প্লাবিত হতে চলেছে সিলেটের নিম্নাঞ্চল। সোমবার (১৯ মে) রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা বর্ষণের ফলে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের বেশ কয়েকটি নিচু এলাকা তলিয়ে গেছে বলে জানা গেছে।
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীর পানি বৃদ্ধি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জাফলংয়ের জিরো পয়েন্টসহ আশপাশের এলাকা প্লাবিত হ্ওয়ার খবর পাওয়া গেছে।
বন্যাপ্রবণ এলাকাগুলোর খোঁজখবর রাখা হচ্ছে উল্লেখ করে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার উজ জামান বলেন, আমাদের সব প্রস্ততি আছে। ইতোমধ্যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়ে রেখেছি, তারা যেনো বন্যাপ্রবণ এলাকাগুলোর জন্য নৌকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখেন। এছাড়া শুকনো খাবার, স্যালাইন রাখা হয়েছে। সংশ্লিষ্ট সব উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
এদিকে নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার ফলে নদীর তীরবর্তী বসবাসকারী মানুষজনের মাঝে 'পারে ভাঙনের' শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে কয়েক ঘণ্টার মধ্যেই নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে।
জানা গেছে, জাফলংয়ের অধিকাংশ পর্যটন এলাকা ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের পর্যটন কার্যক্রম। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদীতীরবর্তী এলাকাগুলোও তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে। এসব এলাকায়ও প্রবল গতি ও ভাঙনের খবর পাওয়া গেছে। এলাকাগুলো কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত