সিলেট নগরীতে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেটের চালানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে নগরীর পূর্ব মিরাবাজারস্থ ফরহাদ খাঁ পুলের সামনে অভিযান চালিয়ে তিন বোতল বিদেশী মদ, বিশ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার দক্ষিণ বস্তি চৈলাখেল ইউপির নলজুড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে সিদ্দিক আমীন (২৫) ও বরিশালের গৌরনদী থানার বাটাজোর গ্রামের যতীন্দ্র হালদারের ছেলে শুভ হালদার (২৫)।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসএমপি সূত্র জানায়, সিলেট নগরীর মীরাবাজারস্থ ফরহাদ খাঁর পুলের আগে সিলেট-তামাবিল সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মোতাবেক সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৪১) দায়ের করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক প্রেরণ করা হয়েছে।
মতামত