দুয়ারে শারদীয় দুর্গোৎসব। প্রতিমায় রং-তুলির শেষ আঁচড়, মণ্ডপে সাজসজ্জা, আলোকসজ্জা আর নিরাপত্তার প্রস্তুতিতে ব্যস্ত সিলেটের পূজামণ্ডপগুলো। কোথাও চলছে মণ্ডপের শেষ মুহূর্তের কাজ, কোথাও প্রতিমাকে উৎসবের সাজে সাজিয়ে তোলার ব্যস্ততা। সব মিলিয়ে সিলেটজুড়ে এখন উৎসবের আমেজ।
এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হচ্ছে। এর মধ্যে সিলেট মহানগরে ১৬২টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৪টি মণ্ডপ রয়েছে। মহানগরের ১৪৬টি সার্বজনীন ও ১৬টি পারিবারিক মণ্ডপে পূজা হবে। আর জেলার ৪৪৮টি সার্বজনীন ও ২৬টি পারিবারিক মণ্ডপে হবে দুর্গোৎসব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, জেলার মধ্যে সবচেয়ে বেশি পূজা হবে জকিগঞ্জ উপজেলায়। সেখানে ৯৩টি সার্বজনীন ও দুটি পারিবারিক মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। গোলাপগঞ্জে ৫৮টি সার্বজনীন ও পাঁচটি পারিবারিক, ফেঞ্চুগঞ্জে ৪০টি সার্বজনীন ও একটি পারিবারিক এবং গোয়াইনঘাটে ৪০টি সার্বজনীন মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখার পাশাপাশি জেনারেটর ও বিকল্প আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, সরকারি নির্দেশনা মেনে শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মণ্ডপ কমিটিগুলোও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে।
আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আবহ আরও ঘন হয়ে উঠবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হবে মূল পূজার আনুষ্ঠানিকতা। ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
এখন তাই সিলেটের পূজামণ্ডপগুলোয় অপেক্ষা শুধু সেই মাহেন্দ্রক্ষণের। প্রতিমার চোখে প্রাণের আঁচড়, আলোয় আলোকিত মণ্ডপ আর ঢাকের বাদ্যিতে মুখর হয়ে উঠবে নগর থেকে গ্রাম। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সম্প্রীতি ও উৎসবের আবহে ৬৩৬টি মণ্ডপে উদ্যাপিত হবে এবারের শারদীয় দুর্গাপূজা।