দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নিহত রাসেলের মা মোছাম্মৎ রাজনা বেগম বাদী হয়ে মোগলাবাজার থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় ২২ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩৩), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহীদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবের আহমদ জুবেল (২২), রাফি (২০), সালমান (২৫), আহমাদুর রহমান সাদেক (৪৫), মাসুম (২৫), মুহিন (২২), রাজু মিয়া (৪৫), মোজাহির আলী (৩৭), আলী রুবেল (৩১), গুল্লি সুয়েব (৫৫), সিরাজুল ইসলাম (৫২) ও উজ্জ্বল মিয়া (৩৫)।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সিলামের চকেরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন রাসেল আহমদ শাহ।
এ সময় তাকে প্রথমে লাকড়ি দিয়ে মাথায় আঘাত করা হয় এবং পরে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (৩ অক্টোবর) ময়নাতদন্ত শেষে রাসেলের লাশ দাফন করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।