দৃষ্টিশক্তি না থাকলেও মনের জোর আর অদম্য অধ্যবসায়কে সম্বল করে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তাহমিনা আক্তার মৌমি। তাঁর এই সাফল্যে আনন্দের জোয়ার বইছে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে।
সিলেট সরকারি মদন মোহন কলেজের এই মেধাবী ছাত্রী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদের মেয়ে। বর্তমানে তিনি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা ‘গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন’ (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী হিসেবে থেকে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
দৃষ্টিপ্রতিবন্ধকতার কারণে পড়াশোনার পথে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে মৌমিকে। তবে কোনো বাধাই তাঁর দৃঢ় ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি। প্রথম শ্রেণি থেকেই জিডিএফ-এর আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা চালিয়ে আসছেন তিনি।
মৌমির এই অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে জিডিএফ’র নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান জানান, তাঁর এই ধারাবাহিক সাফল্যে তাঁরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শারীরিক সীমাবদ্ধতা যে মেধার বিকাশ ও অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, মৌমি তা আবারও প্রমাণ করেছেন। এই অদম্য তরুণী শুধু নিজের ও পরিবারের মুখ উজ্জ্বল করেননি, বরং সমাজের সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।