সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে জকিগঞ্জ-সিলেট সড়কের পৃথক স্থানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোট ২ হাজার ১০০ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ও রাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-সিলেটের জকিগঞ্জ থানার মাদারখাল এলাকার সাইদুর রহমানের ছেলে রাসেল আহমদ, জকিগঞ্জ থানার শেখপাড়া এলাকার মো. মুতছিল আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫) এবং খলিলুর রহমানের ছেলে মোস্তাক হোসেন (৩৪)।
পুলিশ জানায়, শুক্রবার বেলা সোয়া ২টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে (সিলেট-জ-১১-০৭৬৭) তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা রাসেল আহমদের দেহ তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
একই দিন রাত সোয়া ১০টার দিকে কাকুরা সাকিনস্থ কাকুরা ব্রিজ সংলগ্ন এলাকায় জকিগঞ্জ-সিলেটগামী আরেকটি যাত্রীবাহী বাসে (সিলেট-জ-১১-০৮১৯) তল্লাশি চালায় পুলিশ। এ সময় মো. আনোয়ার হোসেন ও মোস্তাক হোসেনের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, এ ঘটনায় বিয়ানীবাজার থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।