শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিলেটে ঝটিকা মিছিল ও পরবর্তীতে তার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসেফ বখত রাদকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট নগরী থেকে সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আসেফ বখত রাদ সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছেলে এবং সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার আসেফ বখত রাদের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয় এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরকাড়ে। ভিডিওর সূত্র ধরে দ্রুত অভিযান চালিয়ে সিলেট শহর থেকে তাকে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জে নিয়ে আসা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
মতামত