সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গত ১ অক্টোবর ২০২৬ তারিখে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। শুক্রবার (২ অক্টোবর) বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৪৮ বিজিবির অধীনস্থ বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, উৎমা, প্রতাপপুর, বাংলাবাজার ও সংগ্রাম বিওপি এলাকার বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা কম্বল, জিরা, ফল, কসমেটিকস, চকলেট, বিস্কুট, সুপারি ও কিসমিসসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে লেডিস সোয়েটার ও মৃগেল মাছও আটক করা হয়। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। আটককৃত এসব মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।