সিলেটের কোম্পানীগঞ্জে বালুবাহী একটি ট্রাক থেকে প্রায় আড়াই হাজার বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ লাখ টাকা। এ ঘটনায় ট্রাকে থাকা দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানা সদর এলাকার একটি চেকপোস্টে তল্লাশির সময় ট্রাকটি আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে কামরুল ইসলাম (৩০) এবং সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন (৩০)।
পুলিশ জানায়, সোমবার সকালে কোম্পানীগঞ্জ থানা সদর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে সেখানে বিপুল পরিমাণ ভারতীয় মদের সন্ধান পাওয়া যায়। পরে গণনা করে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় আড়াই হাজার বোতল মদ জব্দ করা হয়।
পুলিশের হিসাবে, জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ লাখ টাকা।
সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা, পরিবহন ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশ সুপার আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।